একটা কথা আছে না – “What you are seeking is seeking you” ... আজকের গপ্পোটা এই কথাটাকেই প্রমান করবে।
সময়টা জুন মাস। নিজে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি – এই সময়টায় আমার যে একটা গুরুতর পরীক্ষা চলছিল, সেটা এখন বুঝতে পারি। আপনারাই বিচার করবেন, পাশ করলাম কি না।
তো যা বলছিলাম, সেই সময় এক বন্ধন থেকে মুক্তির চেষ্টা চলছিল, মনের ভেতর সারাক্ষণ উথাল-পাথাল। খালি নিজেকে বলতাম, - ‘All is well, I am safe , protected and guided”.
নিজে যেটা চাইছি করতে, যেটা পারি করতে .... ঠিক করতে পারছিলাম না...
এই সময়েই, একটা ফোন আসে হিতব্রতদার কাছ থেকে। একজন ভদ্রলোক দুঃস্থ ছাত্রীদের হেলথ- হাইজিন নিয়ে কাজ করতে চান, আমার সাথে কথা বলতে চান।
যুক্ত হই ঋদ্ধির সাথে। প্রাথমিক পরিকল্পনা ছিল, উত্তর কলকাতার মেয়েদের স্কুলগুলোয়, যেখানে দুঃস্থ ছাত্রীরা পড়তে আসে, তাদের হেলথ- হাইজিন রিলেটেড একটা সার্ভে সাথে মেধাবী ছাত্রী, যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের পড়াশুনার সাপোর্ট।
কাজ শুরু করি। আমার টিমে আমি একাই সেপাই
উত্তর কলকাতার মেয়েদের স্কুলের নাম যোগাড় করতেই বেশ বেগ পেলাম। তারপর জয় মা কেস। বেড়িয়ে পড়লাম হাতিবাগান চত্বরে। একটা স্কুল থেকে অন্য স্কুলের রেফারেন্স। হাতিবাগান - বাগবাজার- বেলগাছিয়া- কাশিপুর- পাইকপাড়া - সিঁথি........ দিদিমণিরা সময় নিয়ে কথা বললেন। ক্রমশঃ বুঝলাম, সরকারি স্কুলে ঢুকে কাজ করার জন্য উপর মহলের অনুমোদন লাগবে।
অনেকদিন ধরে খেটে খেটে একটা স্বভাব তৈরি করেছি, কিছু করার আগে নেতিবাচক কিচ্ছু ভাবি না, যেটা চাই, সেটাই ভাবি।
চলে গেলাম কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপার্সন – শ্রীযুক্ত কার্ত্তিক মান্নার সাথে দেখা করতে। গেলেই তো আর দেখা হয় না, লিখে পাঠালাম দেখা করার কারন। এক সপ্তাহ পর আবার গেলাম, শুনলাম, আবেদন খারিজ। আমাদের প্রস্তাব আগামী বছর নিয়ে আসতে হবে।
ভাবা শুরু হল, এবার কি হবে!
এদিকে, আমার স্কুল ভিসিট চলছেই। যত ঘুরছি, তত দেখছি , খোদ এই কলকাতা শহরে আজও শিশু শ্রমিক বর্তমান, নাবালিকাদের বিয়ে হয়ে যাচ্ছে, স্কুল থেকে, পাড়া থেকে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, স্কুল ড্রপ-আউট তো ভয়ানক!! আরও কত কি। বাবা-মা কাজে বেড়িয়ে যাবার পর পরিবারের বড় মেয়ে (৯ বছর বয়স) ছোট ৪ ভাইবোনকে সামলায়, রান্না করে, বাসন মাজে – এগুলো ফেলে কি স্কুলে আসা যায়!
ঋদ্ধির কমিটির সাথে আলোচনায় বসলাম। ছোট ছোট টার্গেট করলাম। নতুন প্রপোসাল নিয়ে আবার গেলাম মান্নাবাবুর কাছে। এইবার তো নাছোড়বান্দা – একবার দেখা করবোই! বসে রইলাম অফিসে। মিটিং শেষে প্রায় সাড়ে ৬টা নাগাদ দেখা হল; অসম্ভব ব্যক্তিত্ব! অসাধারণ স্মৃতি এবং দুরন্ত অমায়িক ব্যবহার। সত্যি বলছি, বিশাল সরকারি অফিসে এত উঁচুতলার কোনও মানুষের সাথে আগে এভাবে কাজ নিয়ে কথা বলি নি। এই ব্যস্ত মানুষটির মনে আছে আমাদের আগের প্রপোসাল (যেটি ওনাকে মেইল করেছিলাম)। উনি শুনলেন এবারের প্রপোসাল – খুশি হলেন, বললেন – এগিয়ে যান। এরপর প্রচন্ড সাহস করে বলে ফেললাম – ‘স্যার, একটা জায়গা চাই যে, মেয়েদের নিয়ে কাজ করব, কোনও স্কুল পাওয়া যাবে কি , স্কুল ছুটির পর .....?” সঙ্গে সঙ্গে উত্তর – ‘কেন নয়! আপনি স্কুলে বলে দেখুন, হেড মিস্ট্রেসদের সাথে আমার কথা বলিয়ে দিন”। এরপর কি আর কোনও কথা থাকতে পারে ......
জয়দা আর মৌসুমির সাহায্য নিয়ে দেখা করলাম বাগবাজার অঞ্চলের কাউন্সিলরের সাথে। সেখানেও চমক – কথা বলতেই সম্মতি। বলে দিলেন – ‘খুব ভালো উদ্যোগ, আমাদের পাড়ার মহারাজা কাশিমবাজার স্কুলেই শুরু করুন’। দ্বিতীয় ধাপ পেরোলাম।
মহারাজা কাশিমবাজার স্কুলে সকালে মেয়েরা পড়ে (সাবিত্রী শিক্ষালয়) আর দুপুরে ছেলেদের স্কুল।সাবিত্রী শিক্ষালয়ের প্রধানা শিক্ষিকা খুব উৎসাহ দিলেন কাজের জন্য কিন্তু বললেন, স্কুল ব্যবহার করার জন্য ছেলেদের স্কুলের হেডটিচারের সাথে কথা বলতে হবে। দেখা হল কুমকুমদির সাথে। আবার চমক - ছেলেদের স্কুলে একজন মহিলা হেডমিস্ট্রেস !!
আমি সমসময় বলি, I am surrounded by wonderful people – and this lady has got amazing personality. প্রথম দেখেই জাস্ট কুপোকাত, মিশতে গিয়ে দেখলাম- এ যে সাক্ষাৎ সমুদ্র, কত্ত কিছু শেখার আছে! ওনার সাথে কথা বলার পর, উনি নিজেই মন্ত্রী শ্রীমতী শশী পাঁজাকে জানান আমাদের উদ্যোগের কথা এবং সম্মতিও পান।
এইবার শুরু হল ছাত্রী খোঁজা, স্থানীয় ৬টা স্কুলকে আবার ভিসিট করলাম। ৪টে স্কুল এরমধ্যে খুব সাপোর্ট করল। ছাত্রীদের সাথে ব্যাক্তিগত ভাবে আলাপ করা শুরু করলাম।
সাথে শুরু হল এইসব মানুষদের পড়াবার জন্য , না না পড়াবার নয়, গাইড করার জন্য উপযুক্ত রিসোর্স খোঁজা। সবাইকে বলতে লাগলাম, এই ফেসবুকেও আবেদন জানালাম। ৩জন এগিয়ে এলেন।
আসতে আসতে ফর্ম পেতে লাগলাম। প্রথম ফিল্ড-আপ ফর্মটা পেয়ে আনন্দে চোখে জল চলে এসেছিল।
বই-পত্র, চক-ডাস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার কেনা হল।
অবশেষে, গতকাল , ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হল আমাদের অবৈতনিক কোচিং ক্লাস। ক্লাস এইট ও নাইনের ৩২ জন ছাত্রীকে নিয়ে .... সোম থেকে শুক্র, বিকেল ৪.৪৫ থেকে ৬.৪৫। প্রতিদিন সামান্য টিফিন আর মাসে একবার হেলথ চেকাপ (এন.আর.এসের ডাক্তাররা আসবেন)।
এদের স্বপ্ন দেখাবো, এদের আনন্দে বাঁচতে শেখাব।
সাথে থাকবেন।


Comments
Post a Comment