একবার, একদিন এক
স্কুলের দিদিমণি ক্লাসের সব ছানাদের জন্য বেলুন নিয়ে এলেন। বলা হল , সবাই নিজেদের
বেলুনে নিজের নাম লেখ। সবাই লিখল। তারপর বলা হল – বেলুনগুলোকে স্কুলের করিডোরে
রাখতে। গাদা গাদা রঙ্গিন বেলুনে করিডোর ভরে গেল। দিদিমনি এইবার বললেন, ৫ মিনিটের
মধ্যে এই বেলুনের মধ্যে থেকে নিজের নাম লেখা বেলুন খুঁজে আনতে। সবার মধ্যে
হুড়োহুড়ি পড়ে গেল, অনেক বেলুন ফেটে গেল; দেখা গেল, বেশির ভাগই নিজের নাম লেখা বেলুন
খুঁজে পায় নি।
আবার আগেরবারের
মতন দিদিমণি সবাইকে বেলুন দিলেন, তাতে নিজেদের নাম লিখতে বললেন, তারপর করিডোরে
রাখতে বললেন। এরপর তিনি যা বললেন, সেটা আগের বার বলেন নি। এইবার তিনি বললেন, যে
সামনে যার নাম লেখা বেলুন পাবে, সে যেন তাকে দিয়ে দেয়। অদ্ভুত একটা কাণ্ড হল, দেখা
গেল, সকলেই নিজেদের নাম লেখা বেলুন পেয়ে গেছে – এবং খুব তাড়াতাড়ি।
এবার সেই দিদিমণি
সব ছানাদের বললেন, আমাদের ভালো থাকাটা হল অনেকটা এই বেলুনগুলোর মতন। আমরা যদি
নিজেদের ভালোটাই শুধু দেখি, তাহলে কিন্তু কেউই ভালো থাকতে পারব না; কিন্তু, আমরা
যদি একে অপরকে ভালো রাখার চেষ্টা করি, তাহলেই আমরা সব্বাই ভালো থাকব।
এই লকডাউনে চলুন
সবাই মিলে ভালো থাকার বেলুন দিয়ে সব্বাইকে ভালো রাখি!

Comments
Post a Comment